বাংলাদেশ পুলিশে সাইবার অপরাধ মোকাবিলায় নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘সাইবার পুলিশ ইউনিট’ নামে এই ইউনিটটি প্রাথমিকভাবে পুলিশের বিদ্যমান জনবল ও সরঞ্জাম ব্যবহার করে কার্যক্রম শুরু করবে। একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) নেতৃত্বে ইউনিটটি পরিচালিত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ২১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত চিঠিতে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোর আওতায় একটি স্বতন্ত্র ও বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠনের নীতিগত অনুমোদনের কথা জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, পুলিশের বর্তমান জনবল ও সরঞ্জাম ব্যবহার করে অতিরিক্ত আইজিপির নেতৃত্বে ইউনিটটির কার্যক্রম শুরুর অনুমোদন দেওয়া হয়েছে। তবে ইউনিটটির পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো, নতুন পদের সংখ্যা, যানবাহন এবং অন্যান্য প্রয়োজনীয় লজিস্টিকস এখনো চূড়ান্ত হয়নি।
এ জন্য প্রয়োজনীয় পদ সৃষ্টির পাশাপাশি যানবাহন টিওঅ্যান্ডইভুক্তকরণসহ ইউনিটটির পূর্ণাঙ্গ প্রস্তাব প্রস্তুত করে তিন কার্যদিবসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন এই ইউনিটের মূল দায়িত্ব হবে সাইবার অপরাধ মোকাবিলা এবং এ ধরনের অপরাধের তদন্ত ও প্রতিরোধে বিশেষায়িত পুলিশি কার্যক্রম পরিচালনা করা।
