কর্মীদের চকলেট দেয়ার বাহানায় এক অভিনব প্র্যাঙ্ক করে সম্পূর্ণ নতুন আইফোন ১৮ উপহার দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন দুবাইয়ের এক নারী উদ্যোক্তা। ওয়ার্ল্ড স্টার হোল্ডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক হাসিনা নিশাদ ও তাঁর স্বামী নিশাদ হুসাইনের এমন ব্যতিক্রমী উদ্যোগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিশাদ হুসাইন শুরুতে ১২ জন সেরা কর্মীর হাতে চকলেটের মোড়ক সদৃশ প্যাকেট তুলে দেন। মোড়ক খুলতেই কারোর প্যাকেটে মেলে চাকা চাকা চকলেট বার, আর কারোর হাতে উঠে আসে আইফোন ১৮। কিছুক্ষণ পরেই হাসিনা নিশাদ উপস্থিত হয়ে চকলেট পাওয়া হতাশ না হওয়া কর্মীদের হাতেও আইফোন তুলে দিয়ে প্র্যাঙ্কটির সমাপ্তি টানেন।
আমিরাতের খালীজ টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনা নিশাদ জানান, কর্মীদের সুখে-দুঃখে পাশে থাকা এবং ভালো কাজের স্বীকৃতি দেওয়াই তাঁদের প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সংস্কৃতি। ২০০৮ সালে মাত্র দু’জন মিলে শুরু করা এই কোম্পানিতে আজ হাজারো কর্মী কাজ করলেও পরিচালনা পর্ষদ মনে করে কর্মীদের সততা ও মেধার সঠিক মূল্যায়নই ব্যবসার মূল চালিকাশক্তি।
প্রতিষ্ঠানের সেরা প্রতিভাদের ধরে রাখতে এই দম্পতির ব্যতিক্রমী আয়োজন এবারই প্রথম নয়। ২০২৪ সালের মে দিবসে প্রথা ভেঙে ১৬ জন সাধারণ শ্রমিককে পাঁচ তারকা হোটেলে অবস্থান, চালকসহ রাজকীয় গাড়ি এবং লাক্সারি ইয়টে পার্টি করার বিরল সুযোগ দেওয়া হয়েছিল। কর্মীদের সার্বিক যত্ন নেওয়ার এই নীতিতেই প্রতিষ্ঠানটিতে কর্মী ত্যাগের হার একেবারেই শূন্যের কোঠায়।
