কুমিল্লার দাউদকান্দি উপজেলা বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহৃত গৌরীপুর বাজারের একটি ভবনের ২১ মাসের বকেয়া ভাড়া না দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। বকেয়া পরিশোধের জন্য ভবন মালিক বারবার যোগাযোগ করলেও দলটির পক্ষ থেকে শুধু আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।
ভবন মালিক মো. ফাহাদ জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের আগে দোকানটি একটি অটো গ্যারেজ হিসেবে ভাড়া দেওয়া ছিল, যেখানে মাসিক ১৪ হাজার টাকা ভাড়া এবং দুই লাখ টাকা অগ্রিম পাওয়া যেত। পরবর্তীতে দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ভিপি জাহাঙ্গীর আলম সেখানে দলীয় কার্যালয় করার আগ্রহ দেখালে দলীয় বিবেচনায় ভাড়া কমিয়ে মাসে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়। তবে দীর্ঘ ২১ মাস অতিক্রান্ত হলেও এ পর্যন্ত মাত্র একবার ৫০ হাজার টাকা ছাড়া আর কোনো ভাড়া পরিশোধ করা হয়নি।
তবে ভবন মালিকের এই ২১ মাসের বকেয়ার দাবি অস্বীকার করেছেন দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ভিপি জাহাঙ্গীর আলম। তিনি জানান, ২১ মাস নয়, বরং প্রায় ১০ মাসের ভাড়া বকেয়া রয়েছে। সম্প্রতি তাঁদের কমিটির মেয়াদ শেষ বা বিলুপ্ত হওয়ায় সাময়িক সমস্যা তৈরি হয়েছে জানিয়ে তিনি শিগগিরই বকেয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন। অন্যথায় নতুন কমিটি না হলে কার্যালয়টি ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
দোকানটির সাবেক ভাড়াটিয়া আমিনুল ইসলাম জানান, গ্যারেজের স্থানটি বিএনপির কার্যালয়ের জন্য নেওয়ার সময় তিনি মূল মালিক ফাহাদের সাথে কথা বলার পরামর্শ দিয়েছিলেন। এরপর থেকেই ভাড়া সংক্রান্ত এই জটিলতার সৃষ্টি হয় বলে তিনি অবগত রয়েছেন।
বিষয়টি নিয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু জানান, উপজেলা বিএনপির ওই কার্যালয়ের ভাড়া বকেয়া আছে কি না—সে সম্পর্কে স্থানীয় দায়িত্বশীল নেতাদের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
