বাংলাদেশে এখনো একটি রাজনৈতিক দল ইসলামী শাসন কায়েম করতে চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
সোমবার (৫ অক্টোবর) রাতে রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর বেলতলী মেডিকেল উম্মে আক্কিল হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, দেশে ইসলামী আদর্শ ও মূল্যবোধকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত করার প্রয়োজনীয়তা রয়েছে। একই সাথে ন্যায়বিচার, সামাজিক ইনসাফ ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে দেশ ও সমাজ গঠনের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা। তিনি ইসলামী শিক্ষার ধারা বজায় রাখা এবং সমাজে সততা ও ন্যায়ভিত্তিক ব্যবস্থা কায়েমের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
আলোচনা সভা শেষে মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের মাথায় আনুষ্ঠানিকভাবে সম্মানজনক পাগড়ি তুলে দেওয়া হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে মাদ্রাসা প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
