ঝালকাঠির রাজাপুরে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলা ও জেলা যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাজাপুর উপজেলার ২ নম্বর ওয়ার্ডের আদর্শ পাড়া এলাকার বাবুল হাওলাদারের ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল হাওলাদার (৩১) এবং ৭ নম্বর ওয়ার্ডের মনোহরপুর এলাকার আব্দুল শুক্কুর হাওলাদারের ছেলে ও জেলা যুবদলের সদস্য কামাল হোসেন নয়ন (৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় রাজাপুরের মনোহরপুর এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে রাসেল হাওলাদার ও কামাল হোসেন নয়নকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত যে-ই হোক, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে ঘটনা প্রসঙ্গে ঝালকাঠি জেলা যুবদলের সদস্য আনিচুর রহমান খান জানান, বিষয়টি রাজাপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে অবহিত করা হয়েছে। কেন্দ্রকে বিষয়টি জানানো হয়েছে এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শ অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
