তুরস্কের পার্লামেন্টের মাননীয় স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে আজ ৮ অক্টোবর (বৃহস্পতিবার) এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। আঙ্কারায় অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে তুরস্কের পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান আকিফ ইলমাজ এমপি এবং বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান ও ডা. এস এম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।
আলোচনায় বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক, বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক অগ্রযাত্রা, সংসদীয় চর্চায় জামায়াতে ইসলামীর ভূমিকা এবং আঞ্চলিক রোহিঙ্গা সংকটসহ নানা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় গুরুত্ব পায়।
বৈঠকে তুরস্কের পার্লামেন্ট স্পিকার ড. নুমান কুরতুলমুশ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার নতুন যাত্রাকে অভিনন্দন জানান। একই সাথে দেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।
ডা. শফিকুর রহমান এমপি তুরস্কের স্পিকারের কাছে রোহিঙ্গা সংকট মোকাবিলায় দেশটির অব্যাহত মানবিক ও কৌশলগত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং তুরস্কের প্রেসিডেন্টের উদ্দেশ্যে লেখা একটি বিশেষ চিঠি হস্তান্তরের অনুরোধ জানান।
এ ছাড়া বাংলাদেশে তুর্কি বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য প্রসার এবং প্রযুক্তি, শিক্ষা, শিল্প-সাহিত্য ও সংসদীয় পর্যায়ে ‘পিপল টু পিপল’ বা পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান বাংলাদেশের বিরোধীদলীয় নেতা।
