শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে এবং ধর্মীয় উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বহুজাতি ও বহুধর্মের মিলনে আমাদের প্রিয় বাংলাদেশ বহুকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য ও উজ্জ্বল উদাহরণ বহন করে আসছে।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জামায়াত আমির জানান, দীর্ঘকালের এই সুন্দর অতীত ঐতিহ্য অক্ষুণ্ন রেখে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন পূর্ণ নিরাপত্তা, স্বস্তি ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অগ্রণী ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সংসদের প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর সুনির্দিষ্ট ও সামাজিক দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশের সকল নাগরিকের নিজ নিজ ধর্মীয় বিধান ও আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালনের পূর্ণ অধিকার রয়েছে। কোনো ধরনের উসকানি বা বৈষম্য যেন সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সব ধর্মের মানুষের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন বিরোধীদলীয় নেতা। সেই সঙ্গে সার্বিক নিরাপত্তা জোরদারে স্থানীয়ভাবে সামাজিক প্রহরা ও সহযোগিতা বজায় রাখার উদাত্ত আহ্বান জানান তিনি।
