বাংলাদেশ পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়িতে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর মতে, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে এমন ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ উদ্বেগের কথা জানান।
স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন বাড়ি থেকে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় বাড়িটি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে জামায়াতের আমির বলেন, আইনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতির ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। এর সঙ্গে গ্যাস ও বিদ্যুৎসংকটও জনজীবনে দুর্ভোগ বাড়াচ্ছে।
সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, জনদুর্ভোগ কমানো এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত রয়েছে।
স্ট্যাটাসের শেষাংশে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে তিনি অন্যায়ের বিরুদ্ধে তরুণদের আবারও জেগে ওঠার আহ্বান জানান।
