ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনায় গ্রেপ্তার হয়েছেন মার্কিন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ফিটনেস কনটেন্ট ক্রিয়েটর ওয়েন্ডি ডুরান। গত ১৯ অক্টোবর কলম্বিয়ার ন্যাশনাল পুলিশ ও একজন বিচারকের উপস্থিতিতে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী এই অভিযান পরিচালনা করে।
মার্কিন সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, মূলত একটি ভাড়া আদায় সংক্রান্ত আইনি মামলার বিষয়ে কথা বলতে পুলিশ ডুরানের ফ্ল্যাটে প্রবেশ করেছিল। কিন্তু ফ্ল্যাটের ভেতরে তল্লাশি চালানোর সময় আইনশৃঙ্খলা বাহিনী আকস্মিকভাবেই বিপুল অস্ত্র ও মাদকের বিশাল ভাণ্ডার দেখতে পায়।
অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে গণমাধ্যমে জানানো হয়, গত ১৯ অক্টোবর ২৪ বছর বয়সী তরুণী ডুরানের ফ্ল্যাটে একটি সম্পত্তি বাজেয়াপ্তের পরোয়ানা তামিল করতে গিয়েছিলেন পুলিশ ও বিচারক। এ সময় ডুরানের বসার ঘরের টেবিলে টিভির পাশে দুটি ৯ এমএম গ্লক পিস্তল প্রকাশ্যে পড়ে থাকতে দেখা যায়।
পুলিশি জিজ্ঞাসাবাদে ডুরান স্বীকার করেছেন যে, উদ্ধারকৃত এসব আগ্নেয়াস্ত্রের কোনো ধরনের বৈধ লাইসেন্স বা অনুমোদনপত্র তাঁর কাছে নেই। এরপরেই তল্লাশি আরও জোরদার করা হলে তাঁর একটি আলমারির ভেতর থেকে আমেরিকার তৈরি একটি উচ্চক্ষমতাসম্পন্ন ক্যালিবার কল্ট রাইফেল উদ্ধার করা হয়।
এছাড়া ফ্ল্যাট থেকে ৩৫ রাউন্ডের একটি ভারী ম্যাগাজিন, দুটি আধুনিক হলোগ্রাফিক সাইট এবং একটি লেজার অ্যাটাচমেন্টও জব্দ করা হয়েছে। অস্ত্র ছাড়াও তাঁর কাছ থেকে নগদ ৪ হাজার ৮৪৪ মার্কিন ডলার, একটি ক্যাশ কাউন্টিং মেশিন, দুটি ডিজিটাল দাঁড়িপাল্লা, দুটি ল্যাপটপ, একটি সেলফোন এবং নিষিদ্ধ মাদকদ্রব্য জব্দ করে পুলিশ।
আদালতে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ তৈরি, পাচার এবং অবৈধভাবে বহনের গুরুতর অভিযোগ আনা হলেও ওয়েন্ডি ডুরান নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেছেন। তবে ফ্ল্যাট থেকে মাদক পাওয়ার কথা পুলিশ নিশ্চিত করলেও তাঁর বিরুদ্ধে এখন পর্যন্ত সুনির্দিষ্ট মাদকের মামলা বা অভিযোগ গঠন করা হয়নি।
কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, এই তরুণী কনটেন্ট ক্রিয়েটর আন্তর্জাতিক কোনো অস্ত্র চোরাচালান বা অন্য কোনো অপরাধমূলক সিন্ডিকেটের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে উদ্ধারকৃত অস্ত্র ও অর্থের উৎস কোথায়, তা নির্ধারণ করতে নিবিড় তদন্ত চলছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।
উল্লেখ্য, ২৪ বছর বয়সী ওয়েন্ডি ডুরান জন্মসূত্রে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের মার্কিন নাগরিক হলেও বর্তমানে তিনি কলম্বিয়ার নাগরিকত্ব ভোগ করছেন। ইনস্টাগ্রামে ‘সোশ্যালিওয়েন্ডি’ (Sociallywendi) নামে তাঁর একটি জনপ্রিয় অ্যাকাউন্ট রয়েছে, যেখানে তিনি ফিটনেস ও বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণামূলক কনটেন্ট তৈরি করে থাকেন। গ্রেপ্তারের এই চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর লক্ষাধিক অনুসারী ও নেটিজেনরা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করছেন।
