সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীমকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাতে ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল বাজারের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
শামীম (৩৮) তালার ইসলামকাটি ইউনিয়নের উথালী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ আব্দুল গফ্ফারের ছেলে। তিনি স্ত্রী ও মায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে আঠারোমাইল বাজার এলাকায় বসবাস করছিলেন।
নিহতের স্ত্রী বৃষ্টি খাতুন জানান, রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন যুবক তাদের বাসায় এসে শামীমকে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় ডেকে নেয়। কিছুক্ষণের মধ্যেই তাকে জবাই করে পালিয়ে যায় তারা। পরে রাত গভীর হলে শামীমকে খুঁজতে গিয়ে স্ত্রী ও মা তৃতীয় তলায় তার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে শনিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একাধিক সূত্র জানায়, শামীম পূর্বে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন। ২০০১-২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে তিনি বেপরোয়া চলাফেরা করতেন এবং চরমপন্থী সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে জেল খাটার অভিজ্ঞতাও রয়েছে তার।
এছাড়া অভিযোগ আছে, শামীম ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করেছিলেন, যার পর থেকে তিনি অনেকটা একঘরে হয়ে পড়েন। স্থানীয় সূত্রগুলো দাবি করছে, মাদক ব্যবসা ও সেবন নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
এ বিষয়ে তালা থানার ওসি মাইনউদ্দীন জানান, শামীম ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল এলাকায় প্রায় এক দশক ধরে বসবাস করছিলেন। তার হত্যার তদন্ত করছে ডুমুরিয়া থানা পুলিশ।







