জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ দায় স্বীকার করেছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে দাঁড়িয়ে হামলাকারীদের দায়মুক্তি দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে জানান, প্রাথমিক তদন্ত ও ঘটনাস্থলের ছবি পর্যালোচনায় বাড়িটিকে পুরোনো ও অনেকটা পরিত্যক্ত বলে মনে হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এ ছাড়া সেখানে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত কিংবা প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পতিত ফ্যাসিস্ট শক্তির উল্লাস দেখা গেছে। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগও এ ঘটনার দায় স্বীকার করেছে বলে দাবি করেন তিনি। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসে তাদের দায়মুক্তি দিচ্ছেন। তিনি আশা করেছিলেন, সরকার কত ঘণ্টার মধ্যে অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনবে, সে বিষয়ে মন্ত্রী সুনির্দিষ্ট বক্তব্য দেবেন। কিন্তু দুঃখজনকভাবে তিনি পুরো বিষয়টি অস্বীকারের অবস্থান নিয়েছেন।
সিসিটিভি ফুটেজের প্রসঙ্গ তুলে নাহিদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বাইরে থেকে কোনো বস্তু নিক্ষেপের পরপরই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। বাড়িটি পরিত্যক্ত ছিল না কিংবা সেখানে শুধু গবাদিপশু রাখা হতো না। কেয়ারটেকারের পরিবারসহ সংসদ সদস্যের আত্মীয়স্বজন সেখানে বসবাস করতেন। ঘটনার আগের রাতেও বাড়িটিতে মানুষ ছিলেন। ফলে এ ঘটনায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল।
তিনি আরও জানান, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে কয়েক দিন ধরে ফোনে হামলার হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি জানিয়ে তিনি ঘটনার দুই দিন আগেই সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, বাসে আগুনে মানুষের মৃত্যু হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটছে, সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে এবং গণঅভ্যুত্থানের সমন্বয়কদের ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হচ্ছে। এসব ঘটনা দেশের বর্তমান পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরছে। স্বরাষ্ট্রমন্ত্রী যদি এসব ঘটনা অস্বীকার করতে থাকেন, তাহলে আর কিছু বলার থাকে না।
বক্তব্যের শেষ পর্যায়ে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের একজন নেত্রী ও বিরোধী দলের সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের পর সরকার কী ধরনের ভূমিকা পালন করছে, তা আজ দেশের মানুষ প্রত্যক্ষ করেছে।
