নতুন পে স্কেল কার্যকরের পর পে-ফিক্সেশনের কারণে শ্রান্তি ও বিনোদন ভাতার কোনো অতিরিক্ত অর্থ বা বকেয়া পাবেন না সরকারি চাকরিজীবীরা। একবার এ ভাতা গ্রহণ করার পর পে-ফিক্সেশনের মাধ্যমে মূল বেতন বৃদ্ধি পেলেও আগের ভাতার বিপরীতে নতুন করে বকেয়া দাবি করার সুযোগ থাকছে না। এ বিষয়ে নির্দেশনা দিয়ে গেজেট প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়।
বুধবার (১১ নভেম্বর) অর্থ বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে। পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) তা গেজেট আকারে প্রকাশিত হয়। অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখার যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম এতে স্বাক্ষর করেন।
গেজেট অনুযায়ী, ‘সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এর আওতায় নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। এ সময়ে শ্রান্তি ও বিনোদন ভাতা প্রদানের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে।
অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চ জারি করা বিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটি ভোগ করবেন, সে মাসে তিনি নিজের মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পাবেন। নতুন বেতন কাঠামোতেও এ নিয়ম বহাল রাখা হয়েছে।
তবে নতুন পে স্কেল বাস্তবায়নের অংশ হিসেবে ধাপে ধাপে বেতন নির্ধারণ বা পে-ফিক্সেশন করা হলেও ভাতা হিসাবের ক্ষেত্রে পরবর্তী সময়ে নির্ধারিত বেতন বিবেচনায় নেওয়া হবে না। বরং সংশ্লিষ্ট কর্মচারী ছুটিতে যাওয়ার সময় যে মূল বেতন বাস্তবে পাচ্ছেন, তার ভিত্তিতেই শ্রান্তি ও বিনোদন ভাতা নির্ধারণ করা হবে।
অর্থাৎ, কোনো কর্মচারী একবার এ ভাতা গ্রহণ করার পর পে-ফিক্সেশনের মাধ্যমে তার মূল বেতন বাড়লেও আগের ভাতার জন্য অতিরিক্ত অর্থ বা বকেয়া দাবি করতে পারবেন না।
অর্থ মন্ত্রণালয়ের গেজেটে উল্লেখ করা হয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
