একসময় অবিবাহিত থাকার কারণে নিজ শহরের মেয়র পদে প্রার্থী হওয়ার সুযোগ পাননি। অথচ সেই ইলসে আইগনারই এখন জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা তৈরি করেছেন। সাবেক হেলিকপ্টার প্রকৌশলী ও রাজনীতিক আইগনারকে ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
১৯৯০-এর দশকের শুরুর দিকে মাত্র ২৭ বছর বয়সে নিজের জন্মশহর বাভারিয়ার ফেল্ডকির্খেন-ভেস্টারাম পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চেয়েছিলেন আইগনার। কিন্তু সে সময় রক্ষণশীল দলের নেতারা তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে রাজি হননি। এর পেছনে অন্যতম কারণ ছিল তার অবিবাহিত থাকা। দলীয় নেতাদের ধারণা ছিল, বিয়ে না করায় তার ব্যক্তিগত জীবন ও জীবনযাপন সম্পর্কে যথেষ্ট স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। ফলে ক্যারিয়ারের শুরুতেই রাজনৈতিক বাধার মুখে পড়তে হয় তাকে।
তবে সেই প্রতিবন্ধকতা পেরিয়ে দীর্ঘ রাজনৈতিক পথচলায় নিজের অবস্থান সুদৃঢ় করেছেন আইগনার। একসময় মেয়র পদে প্রার্থী হওয়ার সুযোগ না পাওয়া এই রাজনীতিক এখন জার্মানির সর্বোচ্চ রাষ্ট্রীয় দায়িত্বে যাওয়ার আলোচনায় রয়েছেন।
রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকলেও ব্যক্তিগত জীবনে বেশ সাধারণ জীবনযাপন করেন তিনি। এখনো নিজের জন্মশহর ফেল্ডকির্খেন-ভেস্টারামেই বসবাস করছেন আইগনার। প্রায় ১০ হাজার জনসংখ্যার এই শহরে পরিবারের তিন প্রজন্মের সদস্যদের সঙ্গে একই বাড়িতে থাকেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের কাছে তিনি ‘দি ইলসে’ নামে পরিচিত। শহরের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়মিত অংশ নেন। কখনো সাইকেল চালিয়ে বাজারে যান, আবার কখনো স্থানীয় উন্নয়নমূলক উদ্যোগের অংশ হিসেবে নতুন বায়ুবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানেও উপস্থিত থাকেন।
রাজনীতির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হলেও নিজের জন্মশহর ও স্থানীয় মানুষের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন আইগনার। একসময় বৈবাহিক অবস্থানের কারণে যাকে মেয়র পদে প্রার্থী হিসেবে গ্রহণ করতে চাননি দলের নেতারা, সময়ের ব্যবধানে সেই তিনিই এখন জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাকে ঘিরে আলোচনায় রয়েছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
