দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ অবস্থান যে ভারত সরকারের জন্য ক্রমশ চরম বিব্রতকর এক ইস্যুতে পরিণত হয়েছে, তা এখন আর কোনো গোপন বিষয় নয়। কেবল ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতিই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ভারতকে প্রতিনিয়ত এই প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে যে—গণহত্যার দায়ে অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন দণ্ডিত অপরাধীকে তারা কেন দিনের পর দিন রাষ্ট্রীয় আশ্রয়ে রেখেছে।
বিবিসি বাংলার সাম্প্রতিক এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে এসেছে দিল্লির এই কূটনৈতিক অস্বস্তির নেপথ্য চিত্র। ভারতের নীতিনির্ধারকদের জন্য সবচেয়ে স্বস্তিদায়ক সমাধান হতো যদি শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে চলে যেতে পারতেন। কিন্তু অতীতে বারবার বিভিন্ন দেশের সঙ্গে দিল্লি এ নিয়ে কূটনৈতিক দেনদরবার চালালেও নানা জটিলতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। ফলে ভারত এখন মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করা এবং সেখানে দেশের প্রচলিত বিচার ব্যবস্থার মুখোমুখি হওয়াটাই একমাত্র বাস্তবসম্মত বিকল্প।
প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ২০২৪ সালের ডিসেম্বরেই ‘নোট ভার্বাল’ বা আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তার মাধ্যমে ভারতকে অনুরোধ জানিয়েছিল। এরপর ঢাকার পক্ষ থেকে একাধিকবার সেই মর্মে তাগাদাও দেওয়া হয়েছে। কিন্তু ভারত আজ পর্যন্ত সেই অনুরোধে প্রকাশ্যে কোনো সাড়া দেয়নি—হ্যাঁ বা না কিছুই স্পষ্ট করেনি।
তবে ভারত যদি সত্যিই চায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরুন, তাহলে ঢাকার সেই আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ মেনে নিতে দিল্লির অসুবিধা কোথায়? এমন প্রশ্নের জবাবে ভারতের রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের আস্থাভাজন ও পরীক্ষিত মিত্র। তাই তাঁকে এভাবে সাধারণ বন্দি হিসেবে হাতকড়া পরিয়ে বাংলাদেশের বিমানে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইতিপূর্বে মন্তব্য করেছিলেন যে, অতীতে ‘হাতকড়া পরিয়েও’ বিদেশ থেকে দণ্ডিত বন্দিদের ফেরত পাঠানোর নজির রয়েছে। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে ভারত তেমন কোনো পদক্ষেপ নেবে—তা দিল্লির কূটনৈতিক মহলের কাছে কল্পনারও অতীত। ভারতের বিশ্লেষকদের মতে, এমনটি করা হলে প্রতিবেশী ও মিত্র দেশগুলোর রাজনীতিকদের কাছে চরম ভুল বার্তা যাবে; বিশেষ করে নেপাল, শ্রীলঙ্কা বা মালদ্বীপের কোনো শীর্ষ নেতা ভবিষ্যতে ভারতকে আর কখনোই ভরসা করতে পারবেন না।
নয়াদিল্লির সরকারি কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথ প্রশস্ত করতে ভারতের প্রধান শর্ত মূলত দুটি।
প্রথমত, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে গিয়ে নেমেছিলেন বাংলাদেশ সামরিক বাহিনীর একটি এয়ারক্র্যাফটে; তাই তাঁকে ফিরিয়ে নিতে হলে সেই প্রক্রিয়াটিও বাংলাদেশ সেনাবাহিনীকেই সরাসরি সম্পন্ন করতে হবে। এমনকি ফিরে যাওয়ার পর তাঁর সার্বিক সুরক্ষা ও নিরাপত্তার দায়িত্বও সেনাবাহিনীকে নিতে হবে বলে ভারত প্রত্যাশা করে।
দ্বিতীয় শর্তটি হলো, দেশে ফেরার পর শেখ হাসিনা যাতে তাঁর বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের বিপক্ষে আপিল করার পূর্ণ সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তাঁর বিচার প্রক্রিয়া নতুন করে শুরু করা হয়—বাংলাদেশ সরকারকে সেই নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি এই বিচার প্রক্রিয়া যেন আন্তর্জাতিক বিশ্ব ও গ্লোবাল মিডিয়ার নজরদারিতে স্বচ্ছভাবে পরিচালিত হয়, সেটিও নিশ্চিত করতে চায় ভারত।
