জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম বলেছেন, “ফ্যাসিবাদের প্রধান সহযোগী হওয়ার পরও জাতীয় পার্টির বাংলাদেশের রাজনীতিতে গুরুত্ব থাকার একমাত্র কারণ হলো বিএনপি ও জামায়াত। গণঅভ্যুত্থানের পরও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দিকে তারা তৎপর নয়।”
রোববার বিকাল ৪টায় রাজধানীর বাংলামোটর রূপায়ণ টাওয়ারে জাতীয় যুবশক্তির সপ্তাহব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রম উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল, তারা এখনো প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে সক্রিয়। যদি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চাওয়া হয়, তাদের কাঠামো ভাঙতে হবে।”
অ্যাডভোকেট তরিকুল জানান, জাতীয় যুবশক্তিতে ২০–৪০ বছর বয়সী তরুণরা অংশ নিতে পারবে। সংগঠন দেশের বিভিন্ন অঞ্চলে ৫০ লাখ সদস্য সংগ্রহের লক্ষ্য নিয়েছে। এতে অংশগ্রহণকারীরা নেতৃত্বগুণ, উদ্যোক্তা মনোভাব এবং রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে প্রশিক্ষণ পাবেন।
সংবাদ সম্মেলনে জাতীয় যুবশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







