বরিশাল নগরীর বেলস পার্ক সংলগ্ন গ্রীনসিটি পার্কে প্রবেশকে কেন্দ্র করে তর্কের জেরে তিন দফায় দুই সাংবাদিককে মারধর করেছে ছাত্রদল নেতারা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনায় চ্যানেল ২৪-এর ক্যামেরাম্যান শাকিল হাওলাদার পাপ্পু গুরুতর আহত হয়ে মাথা ফেটে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহত হয়েছেন সময় টিভির ক্যামেরাম্যান সুমন হাসানও।
আহত সাংবাদিক সুমন হাসান জানান, পরিবারের সঙ্গে বেলস পার্ক এলাকার মহিলা ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে গেলে তার মেয়ে পাশের গ্রীনসিটি পার্কে ঢুকতে চায়। তখন ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী প্রবেশে বাঁধা দেন। এক পর্যায়ে তার সহযোগীরা মব তৈরি করে ঘিরে ধরে। এ সময় চ্যানেল ২৪-এর ক্যামেরাম্যান পাপ্পু এগিয়ে এলে ছাত্রদল নেতারা ক্ষিপ্ত হয়ে দুজনকেই মারধর করেন। এতে পাপ্পু রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
পরে আরও একদফা হামলা চালায় ছাত্রদলের মহানগর সহসভাপতি সোহেল, সাকিব, রাহাতসহ কয়েকজন। পুলিশ পৌঁছানোর আগেই তারা সরে যায়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে ছাত্রদল নেতা বেল্লাল গাজীর দাবি, নিরাপত্তা প্রহরীকে কথা দিয়েছিলেন অন্য কাউকে প্রবেশ করতে দেবেন না। এ নিয়ে তর্কে হাতাহাতি হয়, এতে একজন পড়ে গিয়ে মাথায় আঘাত পান।







