চট্টগ্রামের পটিয়ায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে চাঁদাবাজি ও অপহরণ মামলার প্রধান আসামি যুবদল নেতা মোকাম্মেল হক তালুকদার (৪৯)সহ তিনজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আশিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, চলতি বছরের ২৮ জুলাই দায়ের হওয়া অপহরণ ও চাঁদাবাজির মামলায় মোকাম্মেল হক তালুকদারকে পূর্ব আশিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তার সহযোগী মো. আরাফাত (২৬) কেও আটক করা হয়। অন্যদিকে পৃথক অভিযানে খাইরুল ইসলাম মুন্না (২৭) কে গ্রেফতার করা হয়।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, মোকাম্মেল হক তালুকদারের বিরুদ্ধে চাঁদাবাজি ও অপহরণসহ মোট ১৭টি মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে মুন্নার বিরুদ্ধে ২টি মামলা বর্তমানে আদালতে চলমান। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।







