আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার (১ অক্টোবর) বেলা একটার দিকে বরিশাল নগরীর শ্রীশ্রী শংকর মঠ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, “যখন একটি দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তখন স্থায়ী নাকি অস্থায়ী—এই প্রশ্ন ওঠে। কিন্তু আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে, এমন কোনো সম্ভাবনা আমি দেখছি না। নির্বাচনের আগে তো নয়ই, অদূর ভবিষ্যতেও এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সুযোগ নেই।”
তিনি আরও বলেন, দেশে দুর্গাপূজা আনন্দের সঙ্গে উদ্যাপিত হচ্ছে। প্রতিটি ধর্মের মানুষই বাংলাদেশের নাগরিক, তাই ধর্ম পালন প্রত্যেকের সমান অধিকার।
বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের প্রসঙ্গ উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের পর এক মিনিটও থাকার ইচ্ছা আমাদের নেই। আমরা চেয়েছিলাম বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতি হোক। এরই মধ্যে আইন মন্ত্রণালয়ে ৯ থেকে ১০টি সংস্কার হয়েছে।”
দুপুরে বরিশাল সার্কিট হাউসে পৌঁছে আইন উপদেষ্টা নগরীর নতুনবাজার-সংলগ্ন শংকর মঠসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।







