রাজধানীর ফার্মগেট ও পূর্ব রাজাবাজার এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে আরিফুর রহমান হৃদয় (২৩) নামে এক যুবককে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর মোটরসাইকেল আরোহীরা দ্রুত পালানোর চেষ্টা করলে স্থানীয় জামাত-শিবিরের কর্মীরা তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে পূর্ব রাজাবাজার এলাকায় পৌঁছালে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হৃদয়কে আটক করে থানায় নিয়ে যান।
শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক বলেন, “আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্ফোরণের উদ্দেশ্য ও সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য নেওয়ার চেষ্টা চলছে।”
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ককটেলের অংশবিশেষ ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।







