বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করতে চায় না। আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে, বিএনপি সে পথে হাঁটবে না। বরং আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করা হবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত বছরের ৫ আগস্টেই বলেছিলেন—আমরা প্রতিশোধ চাই না, চাই শান্তি, সমৃদ্ধি ও একটি উন্নত বাংলাদেশ। সেই পথেই আমরা এগোতে চাই।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনাকে বলতে চাই, অত্যাচার, নির্যাতন ও ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যায় না। অতীতেও পারেননি, ভবিষ্যতেও পারবেন না। বরং গণহত্যা ও নির্যাতনের দায় নিয়ে এখনই ক্ষমা চাওয়া উচিত।”
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, “দেশবাসী আজ তারেক রহমানকে ফিরে পেতে চায়। নতুন নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায়।”
পিআর ইস্যুতে কিছু রাজনৈতিক দলের জবরদস্তির অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, “জামায়াতে ইসলামীসহ আরও কয়েকটি দল পিআর পদ্ধতির নামে জনগণের ওপর জবরদস্তি করছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে যে নতুন চালগুলো দেওয়া হচ্ছে, সেগুলো মূলত গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র।”
গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের পক্ষে মত জানিয়ে তিনি বলেন, “গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হলে জনগণ তাদের মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে পারবে। বিএনপি সেই ব্যবস্থাকেই সমর্থন করে।”
সভায় সভাপতিত্ব করেন সাবেক জেলা বিএনপির সহসভাপতি মো. আল মামুন আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।







