সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধসহ পাঁচ মামলার রায় ঘোষণার দিন তাঁর ছেলে সজীব ওয়াজেদ আশঙ্কা প্রকাশ করেছেন যে ট্রাইব্যুনাল আজ তাঁর মায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিতে পারে। তিনি বলেন, “আমরা আগেই জানি রায় কী হবে। তারা তাকে দোষী করবে, আর হয়তো মৃত্যুদণ্ড দেবে।”
তবে একই সঙ্গে তিনি জানান, শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসনে থাকায় তার নিরাপত্তা নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই। তাঁর ভাষায়, “আমার মায়ের কিছু হবে না। আমার মা ভারতে নিরাপদ। ভারত তাকে পুরো নিরাপত্তা দিচ্ছে।”
আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় দিচ্ছে। ২০২৪ সালের ছাত্র আন্দোলন দমনে ভূমিকা, নির্দেশনা এবং সহিংসতার ঘটনায় তাঁর বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠন করা হয়। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে প্রায় ১,৪০০ মানুষ নিহত হয় এবং হাজারো মানুষ আহত হয়— যা স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
ছাত্রদের নেতৃত্বে আগস্টে হওয়া গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন এবং এরপর থেকে নয়াদিল্লিতে নির্বাসনে রয়েছেন। সজীব ওয়াজেদের দাবি, ভারত সরকার তাকে “সম্পূর্ণ নিরাপত্তা” প্রদান করছে।
রায় ঘোষণার আগে তাঁর বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।







