ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত স্বতন্ত্র সদস্য উম্মা উসওয়াতুন রাফির ময়মনসিংহের বাসায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী পরিবার চরম আতঙ্কে রয়েছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, রাতের গভীরে অজ্ঞাত হামলাকারীরা রাফির বাড়ির গেটে ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর কেরোসিন ও পেট্রোলজাত দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরানোর চেষ্টা করা হয়। বিস্ফোরণের শব্দ শুনে পরিবার আতঙ্কিত হয়ে পড়ে এবং ঘটনায় বাড়ির সামনে ধোঁয়া ও পোড়া গন্ধ টের পাওয়া যায়।
উম্মা উসওয়াতুন রাফির ভাই খন্দকার জুলকারনাইন রাদ জানান, খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তিনি বলেন, “অজ্ঞাত সন্ত্রাসীদের খুঁজে বের করে দ্রুত গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি।”
কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা গ্রহণ করা হয়েছে। মামলার আসামিদের শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।







