ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সড়াবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তল, গুলি ও দেশীয় ধারালো দা উদ্ধার করেছে সেনাবাহিনী। রোববার (২৩ নভেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের সময় মাসুদ নামে এক ব্যক্তি পালিয়ে যায়। পরে তার বাড়ির আঙিনা থেকে ভারতীয় একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুইটি ধারালো দা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পিস্তলে ‘মেইড ইন ইন্ডিয়া’ লেখা ছিল। পালিয়ে যাওয়া মাসুদ হোসেনের বিরুদ্ধে অস্ত্র ও হত্যাসহ বিভিন্ন থানায় ১০টির বেশি মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, সেনাবাহিনী পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।







