বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি এই প্রার্থনা জানান।
খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। শুক্রবার রাত ২টা ৮ মিনিটে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার চিকিৎসা পরিস্থিতি জানানো হয়। সেখানে দায়িত্বশীলতা বজায় রেখে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার অনুরোধ এবং তার সুস্থতার জন্য দোয়া চাইতে বলা হয়।
গত ২৩ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সিসিইউতে স্থানান্তর করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
এদিকে লন্ডন থেকে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিতভাবে মায়ের চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। খালেদা জিয়ার অসুস্থতার খবর পেয়ে বিএনপির শীর্ষ নেতারাও হাসপাতালে যান।







