বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তাকে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম-১৬ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মীর আরশাদুল হক।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ঘোষণায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পোস্টে মীর আরশাদুল হক লেখেন, তিনি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব, নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীসহ দলের সব দায়িত্ব ও পদ থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন।
তিনি স্পষ্ট করে জানান, এই মুহূর্ত থেকে তিনি এনসিপির সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক রাখছেন না এবং চট্টগ্রাম-১৬ সংসদীয় আসন (বাঁশখালী) থেকে এনসিপির প্রার্থী হিসেবেও নির্বাচন করবেন না। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দিনেই তিনি এই ঘোষণা দিচ্ছেন এবং তাকে স্বাগত জানান।
পোস্টে এনসিপি নিয়ে নিজের হতাশার কথাও তুলে ধরেন মীর আরশাদুল হক। তিনি লেখেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে এনসিপির যাত্রা শুরু হলেও, প্রতিষ্ঠার পর থেকে গত ১০ মাসের অভিজ্ঞতায় তার কাছে স্পষ্ট হয়েছে—দলটি ও এর নেতৃত্ব সেই প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, যে স্বপ্ন ও সম্ভাবনা দেখে তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন, তার কিছুই আর অবশিষ্ট নেই। তার মতে, দল ও দলের বড় অংশের নেতারা ভুল পথে এগোচ্ছেন এবং সে পথে তিনি আর চলতে পারেন না। তবে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করলেও ব্যক্তিগত সম্পর্ক বজায় থাকবে এবং সাবেক সহকর্মীদের প্রতি তিনি শুভকামনা জানিয়েছেন।







