কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্য আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্টদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জাহাজে সে সময় কোনো পর্যটক উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে আগুনে জাহাজটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, জাহাজে যাত্রী না থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।
ঘটনার পরপরই নদীঘাট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।







