কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের কয়েকটি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, জাল ভোট ও ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ তুলে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ভোটগ্রহণ স্থগিতের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জোটের প্রতিনিধিদল এ দাবি জানায়।
জোটের অভিযোগ, দেশের বিভিন্ন স্থানে মোট ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৯টি কেন্দ্রে জাল ভোট এবং তিনটি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়। দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে এসব তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়।







