বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদলের ধারাবাহিকতায় আরও ছয়টি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সেনা সদর দপ্তর থেকে এই সংক্রান্ত আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লে. জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি লে. জেনারেল ফয়জুর রহমানের স্থলাভিষিক্ত হবেন। অন্যদিকে, লে. জেনারেল ফয়জুর রহমানকে এনডিসির কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।
অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) পদেও পরিবর্তন আনা হয়েছে। ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদকে সেনাবাহিনীর নতুন অ্যাডজুট্যান্ট জেনারেল করা হয়েছে। এই পদে কর্মরত থাকা মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআইএসটি) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রদবদলের তালিকায় আরও রয়েছেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, যাকে লজিস্টিক এরিয়ার জিওসি হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া এমআইএসটির মেজর জেনারেল মো. নাসিম পারভেজের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২২ ফেব্রুয়ারি সেনাবাহিনীর উচ্চপর্যায়ের আরও ৮টি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছিল। সাম্প্রতিক এই পরিবর্তনগুলোকে সেনাবাহিনীর নিয়মিত প্রশাসনিক ও কৌশলগত পুনর্গঠনের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।







