কক্সবাজারের টেকনাফে সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদুল আলমকে (৩৮) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় নাজিরপাড়া এলাকার একটি ইফতার মাহফিলে এই ঘটনা ঘটে। উত্তেজিত জনতা র্যাবের ওপর হামলা চালিয়ে তাদের দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
র্যাব সূত্রে জানা গেছে, মাদক কারবারিদের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে টেকনাফের নাজিরপাড়া মাঠের ইফতার মাহফিল থেকে ওয়ারেন্টভুক্ত আসামি ফরিদুল আলমকে গ্রেপ্তার করতে যায় র্যাব-১৫-এর একটি দল। এ সময় স্থানীয় কিছু লোক উত্তেজিত হয়ে র্যাব সদস্যদের ওপর হামলা চালায় এবং তাদের দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
এই হামলায় স্কোয়াড কমান্ডার সোহেল রানাসহ র্যাবের অন্তত সাতজন সদস্য আহত হয়েছেন। আহতদের দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন—মোহাম্মদ ইলিয়াছ, সাইফুল ইসলাম, খালিদ হোসেন, বেলাল হোসেন, সোহেল মিয়া, মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ কামরুল।
ঘটনার পর টেকনাফ মডেল থানা পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ আগুনে পুড়ে যাওয়া মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গ্রেপ্তার ফরিদুল আলমকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাব জানিয়েছে, সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর নাজিরপাড়া ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।







