পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরে ফেরা মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার (১৮ মার্চ) বিক্রি করা হচ্ছে আগামী ২৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট।
ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রির ষষ্ঠ দিনে এসে যাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে এবং যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে সরবরাহ করা হচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে।
টিকিট বিক্রির নির্ধারিত সূচি অনুযায়ী, ২৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৩ মার্চ, ২৪ মার্চের ১৪ মার্চ, ২৫ মার্চের ১৫ মার্চ এবং ২৭ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৭ মার্চ। আজ ২৮ মার্চের টিকিট বিক্রি হচ্ছে, আর ২৯ মার্চের টিকিট বিক্রি হবে ১৯ মার্চ।
এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদযাত্রার জন্য একবারেই সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। এ ছাড়া যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।
তবে ঈদযাত্রার টিকিট কোনো অবস্থাতেই ফেরতযোগ্য (রিফান্ডযোগ্য) নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।







