সোমবার (৩০ মার্চ) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে নিজের কার্যালয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী তাকে আন্তরিকভাবে স্বাগত জানান।
আলাপ শেষে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে কিছুদূর এগিয়ে দেন, যা উপস্থিত সবার নজর কাড়ে এবং তার সৌজন্যতার প্রশংসা করা হয়।
এর আগে বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলার হাফিজের জানাজায় পাশাপাশি অংশ নেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা। জানাজা শেষে তারা একসঙ্গে সংসদ ভবনের দিকে রওনা দেন।
এ সময় বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী তাকে সংসদ সচিবালয়ের নিজের কার্যালয়ে আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাৎটি ছিল সংক্ষিপ্ত; প্রায় ২০ মিনিট দুই নেতার মধ্যে আলোচনা হয়। এরপর ডা. শফিকুর রহমান কার্যালয় ত্যাগ করলে প্রধানমন্ত্রী তাকে কিছুদূর এগিয়ে দেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সব সময়ই সকলের প্রতি সম্মান ও সৌজন্য প্রদর্শন করেন। জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী সময় থেকে শুরু করে ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন অনুষ্ঠানে তার এই আচরণ সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।
আজও বিরোধীদলীয় নেতাকে এগিয়ে দেওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তার স্বাভাবিক সৌজন্যতারই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।







