নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে একটি বসতবাড়ির নলকূপ দিয়ে পানির সঙ্গে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। গত শুক্রবার সুরের বাড়ির আব্দুল মতিন তার নতুন বসানো নলকূপের মুখে দিয়াশলাই ধরতেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এই চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে একই সঙ্গে চরম কৌতূহল ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
গৃহকর্তা আব্দুল মতিন জানান, প্রায় এক মাস আগে নিজের বসতঘরের পাশে ৬০ ফুট গভীর এই নলকূপটি স্থাপন করেন তিনি। স্থাপনের পর থেকেই পানি থেকে তিব্র গ্যাসের গন্ধ আসছিল, যা পানের অযোগ্য হয়ে পড়ে। সন্দেহ দূর করতে নলকূপের মুখে লাইটার জ্বালাতেই মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। বর্তমানে উৎসুক জনতা এই দৃশ্য দেখতে ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন।
এই অদ্ভুত পরিস্থিতিতে আব্দুল মতিন ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত প্রশাসনের কাছে কারিগরি বিশেষজ্ঞ পাঠিয়ে পরীক্ষা-নিরীক্ষার দাবি জানিয়েছেন। সেখানে আসলে খনিজ গ্যাসের কোনো বড় মজুত আছে কি না, তা নিশ্চিত হওয়া এখন সময়ের দাবি বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তাদের নজরে এসেছে। তবে কোনো বিশেষজ্ঞ পরীক্ষা ছাড়া এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। দ্রুত সংশ্লিষ্ট ভূতাত্ত্বিক বিভাগ বা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।







