ময়মনসিংহের ভালুকা উপজেলায় পারিবারিক ও রাজনৈতিক বিরোধের জেরে বাবাকে লক্ষ্য করে ছেলের গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে হবিরবাড়ী ইউনিয়নের নারিশের মোড় এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এতে বাবা খোকা মিয়াসহ অন্তত তিনজন আহত হয়েছেন। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে অন্তত দুই রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।
আহতদের মধ্যে খোকা মিয়া ও তাঁর সঙ্গী খোকনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহত নাহিন অভিযুক্ত ছেলে তোফায়েল আহমেদ রানার পক্ষের লোক বলে জানা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শরীরে সরাসরি গুলির চিহ্ন না থাকলেও তাঁরা গুলিবিদ্ধ হওয়ার দাবি করেছেন, যা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
দীর্ঘদিন ধরে বাবা ও ছেলের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল। বিশেষ করে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ভিন্ন ভিন্ন রাজনৈতিক পক্ষের হয়ে কাজ করাকে কেন্দ্র করে তাঁদের এই দ্বন্দ্ব চরম রূপ নেয়। ঘটনার সময় রানা তাঁর অফিসে অবস্থান করছিলেন এবং বাবা সেখানে গিয়ে অফিস বন্ধ করতে বললে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
তর্কাতর্কির একপর্যায়ে রানা ক্ষিপ্ত হয়ে নিজের বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়েন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ভালুকা মডেল থানার ওসি জানিয়েছেন, পারিবারিক ও রাজনৈতিক মতপার্থক্যের জেরেই এই সংঘাতের সূত্রপাত। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।







