মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর পরিচালক কাশ প্যাটেলের অতিরিক্ত মদ্যপান এবং পেশাদারিত্বহীন আচরণ নিয়ে খোদ সংস্থার ভেতরেই তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে যে, তিনি নিয়মিতভাবে এমন মাত্রায় মদ্যপান করেন যা সহকর্মী এমনকি হোয়াইট হাউসের কর্মীদের সামনেও প্রকাশ্য হয়ে পড়ে।
তার এই অনিয়ন্ত্রিত জীবনযাপনের প্রভাব পড়ছে দাপ্তরিক কাজেও। কর্মকর্তাদের দাবি, মাত্রাতিরিক্ত মদ্যপান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে দেরিতে উপস্থিত হওয়ার কারণে কাজের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। তার এই হঠাৎ অনুপস্থিতি ও আচরণগত পরিবর্তনের কারণে সহকর্মীরা তার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন।
এদিকে, নিজের কর্মকাণ্ডের কারণে পদ হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন প্যাটেল। মার্কিন প্রশাসনের ভেতরেও ইতোমধ্যে তার সম্ভাব্য বিকল্প নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ এপ্রিল অফিস ছাড়ার সময় একটি কম্পিউটার সিস্টেমে লগইন করতে ব্যর্থ হয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং ধারণা করেন যে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সেই মুহূর্তে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে বেশ কয়েকজন সহযোগী ও পরিচিত ব্যক্তিকে ফোন করে বিষয়টি জানান। তবে পরে নিশ্চিত হওয়া যায় যে, তিনি এখনও পদে বহাল আছেন এবং সেটি কেবল একটি কারিগরি ত্রুটি ছিল। এই ঘটনাটি প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে তার মানসিক অস্থিতিশীলতার বিষয়টি আরও জোরালোভাবে ফুটিয়ে তুলেছে।







