নওগাঁর মহাদেবপুরে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে ভূমি দখলের প্রতিবাদে বক্তব্য দেওয়ায় হাসিনা বানু নামে এক নারীকে ঘর থেকে টেনে-হিঁচড়ে বের করে গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। এমনকি ওই নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়াও ছিটিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী ওই নারী মাত্র দুই দিন আগে মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিনের বিরুদ্ধে কথিত ভূমি দখলের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। অভিযোগ রয়েছে, সেই ‘অপরাধে’ আব্দুল মতিনের সমর্থকেরা এই বর্বরোচিত ও নৃশংস হামলা চালায়।
ঘটনার সময় হাসিনা বানুর স্বামী বাবর আলী তাঁর স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁকেও সন্ত্রাসীদের মারধরের শিকার হতে হয়। বর্তমানে তাঁরা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, একজন নারীর ওপর এমন মধ্যযুগীয় কায়দায় ভয়াবহ নির্যাতন ও শ্লীলতাহানির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত অভিযুক্তদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ নিয়ে স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এই নৃশংস ঘটনার সাথে জড়িত মূল হোতাসহ সকল হামলাকারীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।







