সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় হামলা চালিয়ে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি এবং এক পুলিশ সদস্যের মোবাইল ফোন ভেঙে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। শনিবার (১৮ এপ্রিল) শাহজাদপুর থানার সামনে এই ঘটনা ঘটে। একটি মোটরসাইকেল কেনাবেচা সংক্রান্ত বিরোধের মধ্যস্থতা করতে গিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ এক ভুক্তভোগীর পক্ষে থানায় কথা বলতে যান। এ সময় কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) তাকে চলে যেতে বললে সাব্বির ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পুলিশকে ‘আওয়ামী লীগের পুলিশ’ বলে গালি দেন। পরবর্তীতে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাফায়েত আদিবসহ দলবল নিয়ে তিনি থানায় ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।
ঘটনা চলাকালীন এক পুলিশ সদস্য ভিডিও ধারণ করতে গেলে ছাত্রদল নেতাকর্মীরা তার মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন। তবে ছাত্রদল নেতাদের দাবি, পুলিশ কর্মকর্তা ঘুষ দাবি করেছিলেন এবং সাব্বিরকে বিনা অপরাধে চড় মেরেছেন। ভিডিও করার কারণে উত্তেজিত হয়ে কেউ একজন ফোনটি ভেঙে ফেলেছে বলে তারা স্বীকার করেছেন।
শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্তরা দলবল নিয়ে এসে পুলিশের ওপর চড়াও হয়েছে এবং সরকারি কাজে বাধা দিয়েছে। মোবাইল ফোন ভাঙার বিষয়সহ পুরো ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে, উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তির দায় সংগঠন নেবে না এবং দোষ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।







