ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি সংসদে উপস্থাপনের দাবি জানিয়েছেন।
বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে তিনি পয়েন্ট অব অর্ডারে এ বিষয়টি উত্থাপন করেন। এ সময় তিনি বলেন, নির্বাচনের আগে স্বাক্ষরিত এই চুক্তিতে বাংলাদেশের স্বার্থবিরোধী কিছু ধারা রয়েছে বলে তখন আপত্তি উঠেছিল। সরকার চাইলে ৬০ দিনের মধ্যে চুক্তিটি বাতিল করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
রুমিন ফারহানা জানান, সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত ও বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের বাণিজ্য ঘাটতি, আমদানি-রপ্তানি ভারসাম্য, কৃষি ও জ্বালানি পণ্য আমদানি এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নের বিষয়গুলো উঠে এসেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানির তুলনায় আমদানি কম হওয়ায় বড় ধরনের বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে, যা সমাধানের লক্ষ্যেই এই চুক্তি করা হয়েছে।
চুক্তি স্বাক্ষরের সময় নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, জাতীয় নির্বাচনের মাত্র তিন দিন আগে এ চুক্তি সই করা হয়, যা নিয়ে তখন বিভিন্ন মহলে সমালোচনা হয়েছিল।
তবে স্পিকার তার বক্তব্য থামিয়ে দিয়ে বলেন, এটি পয়েন্ট অব অর্ডারের আওতায় পড়ে না এবং এ বিষয়ে আনুষ্ঠানিক নোটিশ দিতে হবে। পরে রুমিন ফারহানা অল্প সময়ের জন্য কথা বলার সুযোগ চাইলেও তা গ্রহণ করা হয়নি।







