সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৫ জন।
সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৫৬ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩১১ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৫২ জন, আর সন্দেহজনক উপসর্গে মৃত্যু হয়েছে ২৫৯ জনের।
একই সময়ে, ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৮ হাজার ৮০০-এর বেশি রোগী। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৫ হাজারের বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা World Health Organization আগেই জানিয়েছে, দেশে হামের বিস্তার একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে এবং শিশুদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেশি।







