২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ধর্মপ্রাণ সাধারণ মানুষের ওপর সংঘটিত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। ঘটনাটি স্মরণ করে গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা এ আহ্বান জানান। একই দাবিতে রাজধানীসহ দেশের নানা স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শাপলা চত্বরের নিহতদের স্মরণে দেশব্যাপী দোয়া ও আলোচনা সভার কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমানের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে ঘটনার বিচার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী রাজধানীর পল্টন, কামরাঙ্গীরচর ও বারিধারা জোনসহ বিভিন্ন শাখায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেন। একই ধরনের কর্মসূচি আজ মঙ্গলবারও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এক বিবৃতিতে বলেন, ৫ মে’র ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। তিনি ঘটনাটিকে আধুনিক রাষ্ট্রের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে উল্লেখ করে নিহত ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ক্ষতিপূরণের দাবিও জানান। পাশাপাশি এ দিনটি রাষ্ট্রীয়ভাবে স্মরণ করারও আহ্বান জানান তিনি।
ঘটনাটি স্মরণে আজও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘শাপলা ও শাহবাগ: মুসলিম রাজনৈতিকতা ও বাঙালি জাতীয়তাবাদের দ্বৈরথ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জাতীয় জাদুঘরে দুই দিনব্যাপী তথ্যচিত্র ও দলিলভিত্তিক প্রদর্শনীর আয়োজন করেছে।
অন্যদিকে জাতীয় প্রেস ক্লাব, তোপখানা ও মতিঝিলসহ বিভিন্ন স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে বিভিন্ন সংগঠনের উদ্যোগে।
এছাড়া আগামী শুক্রবার ‘শাপলার শহীদগাঁথা, ৫ মে-এর গণহত্যা: স্মরণ ও মূল্যায়ন’ শীর্ষক একটি অনুষ্ঠান আয়োজন করবে শাপলা স্মৃতি সংসদ। জাতীয় জাদুঘরে অনুষ্ঠিতব্য এ কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান মাওলানা মামুনুল হক।







