মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি আজ রোববারই স্বাক্ষরিত হতে পারে। একই সময়ে ইরানের পক্ষ থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে যে, চুক্তির সম্ভাবনা এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। তবে দেশটির কর্মকর্তারা এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা দেননি।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত সমঝোতা স্মারকের খসড়া বর্তমানে পর্যালোচনা করছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ তথ্য জানানোর পর ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
চুক্তির কাঠামো সম্পর্কে আরাগচি জানান, এটি দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে যুদ্ধবিরতি ও সংঘাতের অবসানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আর পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ৬০ দিনের দ্বিতীয় ধাপের আলোচনার জন্য রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মধ্যে চুক্তির পক্ষে ও বিপক্ষে উভয় মত রয়েছে। তবে শেষ পর্যন্ত আলোচনার ভিত্তিতে একটি সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
আরাগচির ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য চুক্তি থেকে লেবাননকে বাদ দেওয়া হবে না। এছাড়া হরমুজ প্রণালি, নৌ অবরোধ প্রত্যাহার এবং প্রণালিটির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়েছে।
তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি আলমিগদা আলরুহাইদ জানিয়েছেন, রোববার কিংবা আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তিটি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: আল জাজিরা







