স্বামী-স্ত্রীর মধ্যে ডিভোর্স হতে পারে, কিন্তু প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ডিভোর্স হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ। সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
সংসদ অধিবেশনে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক তুলে ধরে জিএম সিরাজ বলেন, “স্বামী-স্ত্রীর সম্পর্ক ক্ষণস্থায়ী হতে পারে, তাদের মধ্যে ডিভোর্সও হতে পারে। কিন্তু ভারত ও বাংলাদেশের মধ্যে প্রতিবেশী সম্পর্কের ডিভোর্স হতে পারে না। প্রতিবেশীকে কখনই অস্বীকার করা সম্ভব নয়— ভারতও পারবে না, বাংলাদেশও পারবে না।” তিনি আরও যোগ করেন, “আমরা সবাই চাই ভারত-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ এবং সম্মানজনকভাবে আমাদের বন্ধুত্ব টিকিয়ে রাখি।”
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির এই সংসদ সদস্য বলেন, “আমরা দেখলাম যে দেশে ভারতের নতুন হাইকমিশনার আসলেন। তিনি এসে বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব নিয়ে অত্যন্ত কাব্যিক ভাষায় কথা বলেছেন। ত্রিবেদী বললেন, আমরা একই আকাশ, একই বাতাসের নিচে আছি; আমাদের বন্ধুত্ব প্রয়োজন। কিন্তু এর বিপরীতে আমরা কি দেখলাম? আমরা দেখলাম বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে ভারত-বিরোধী বিতর্কের ঝড়। কিন্তু কেন এমন হচ্ছে? এই ‘কেন’ প্রশ্নটার উত্তর আমাদের জানা দরকার।”
বক্তব্যের একপর্যায়ে ভারতের পক্ষ থেকে ‘পুশ-ইন’ বা পুশ-ব্যাকের তীব্র সমালোচনা করে জিএম সিরাজ বলেন, “আমরা জানতে চাই যে, আজকে যে ‘পুশ-ইন’—ভারতের ভাষায় যাকে ‘পুশ-ব্যাক’ বলা হচ্ছে, তা কেন হচ্ছে? এটা অবিলম্বে বন্ধ হতে হবে। আমরা ভারতকে বলতে চাই—আসুন, মানুষের হৃদয় জয় করুন। ভারতের মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের হৃদয়ের সম্পর্ক স্থাপন করি। আমরা চাই ভারত-বিরোধিতা অথবা বাংলাদেশ-বিরোধিতা—এসব যেন না হয়। আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই।”
ভারতের বর্তমান সরকারের প্রতি সবিনয় অনুরোধ জানিয়ে এই বিএনপি নেতা বলেন, “আপনারা দয়া করে পুশ-ইন বন্ধ করুন। একই সাথে পুশ-ইনের চাইতেও আরেকটি বড় মারাত্মক ব্যাধি আমাদের ওপর ভর করেছে, তা হলো মাদক। ভারত থেকে আসা এই সর্বগ্রাসী মাদক আমাদের যুবসমাজ, ছাত্র সমাজসহ সমস্ত শ্রেণীকে ধ্বংস করে ফেলছে। এগুলো বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”







