চট্টগ্রামের সাতকানিয়ায় সড়কে ব্যারিকেড দিয়ে জাহেদুল ইসলাম (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ এজাহারভুক্ত ১২ আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। হাইকোর্ট থেকে জামিন নেওয়ার উদ্দেশ্যে ঢাকায় পালিয়ে থাকা অবস্থায় ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে প্রথমে ২ জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে আরও ১০ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে পুরানগড় ইউনিয়ন বিএনপির সংগঠক ও মামলার প্রধান আসামি মো. জসিম উদ্দিন ওরফে মিষ্টি জসিম, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা ছাত্রদল নেতা জয়নাল আবেদীন মানিক এবং যুবদল সংগঠক মোহাম্মদ রিদোয়ান ইসলাম ও টিপু ওরফে মিষ্টি টিপু অন্যতম। পুলিশ জানিয়েছে, ৩ সেপ্টেম্বর রাতে নিহতের মা মনোয়ারা বেগম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ মামলা দায়ের করার পর এখন পর্যন্ত এজাহারভুক্ত ১২ আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে মো. আজাদ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলাসংক্রান্ত তথ্য প্রকাশ করে পুলিশ আরও জানিয়েছে, নিহত জাহেদুল ইসলামের বিরুদ্ধেও পূর্বে হত্যা, অস্ত্র ও মাদক আইনে বিভিন্ন থানায় অন্তত আটটি মামলা বিচারাধীন ছিল। ঘটনার সাথে জড়িত অবশিষ্ট আসামিকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।







