স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী জুলাই ও আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। তবে পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। এ সময় তিনি সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু শনাক্তে থানা, উপজেলা ও জেলা পর্যায়ে এনএসওয়ান পরীক্ষার কিট সরবরাহ করা হয়েছে। পাশাপাশি ঢাকা এবং দেশের অন্যান্য বড় শহরের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে এসব হাসপাতাল পূর্ণমাত্রায় কার্যক্রম শুরু করবে।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে মসজিদের ইমামসহ সমাজের সব স্তরের মানুষকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, শুধু চিকিৎসাসেবা দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।







