বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম অভিযোগ করেছেন, ক্ষমতায় আসার পর বিএনপি জুলাই চেতনা থেকে সরে যাচ্ছে এবং তা অস্বীকার করছে।
শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী জোন জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির।
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয় কোনো কর্মসূচি গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করে এটিএম মা’ছুম বলেন, জুলাইয়ের শহীদ এবং আহত-পঙ্গুত্ব বরণকারীদের আত্মত্যাগের প্রতি সরকার বেঈমানি ও বিশ্বাসঘাতকতা করছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকার জুলাই চেতনায় বিশ্বাস করে কি না, তা জাতির সামনে স্পষ্ট করা উচিত। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারেনি।
তিনি আরও বলেন, গণভোটের রায় অনুযায়ী সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে শহীদদের রক্তের মর্যাদা রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে তা বাস্তবায়নে বাধ্য করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, গণতান্ত্রিক ও গঠনমূলক সমালোচনা সহ্য করতে না পারা ফ্যাসিবাদী মানসিকতার পরিচায়ক। বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী সরকারের সমালোচনা করায় অনেক মন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন।
সরকারকে সতর্ক করে জুবায়ের বলেন, যদি সরকার ফ্যাসিবাদী পথ অনুসরণ করে এবং জনগণকে উপহাস করে, তবে তাদেরও অতীতের শাসকদের মতো পরিণতি ভোগ করতে হতে পারে।
শিক্ষাশিবিরে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আব্দুর রব, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবুল আসাদ, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন এমপি এবং ড. আব্দুল মান্নান। অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওলানা ফরিদুল ইসলাম।







