পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ানতিনিভকা দখলের দাবি করেছে রাশিয়ার সেনাবাহিনী। ডোনেৎস্ক অঞ্চলের এই শহরটি দীর্ঘদিন ধরেই রুশ বাহিনীর অন্যতম প্রধান লক্ষ্য ছিল।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি সামরিক কমান্ড পোস্ট পরিদর্শন করে শীর্ষ সেনা কর্মকর্তাদের কাছ থেকে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি বলেন, কোস্তিয়ানতিনিভকা দখল রাশিয়ার জন্য একটি বড় কৌশলগত অর্জন।
পুতিন আরও জানান, সাম্প্রতিক সময়ে ইউক্রেন দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে, বিশেষ করে রাশিয়ার তেল শিল্পকে লক্ষ্যবস্তু করে। এ কারণে সীমান্তবর্তী নিরাপত্তা অঞ্চল আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তবে রাশিয়ার এ দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন।রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ পুতিনকে জানান, যুদ্ধের পঞ্চম বছরে এসে রুশ বাহিনী পুরো কোস্তিয়ানতিনিভকা শহরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
গেরাসিমভের ভাষ্য অনুযায়ী, শহরটি ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ঘাঁটি ছিল এবং এটি স্লোভিয়ানস্ক–ক্রামাতোরস্ক–কোস্তিয়ানতিনিভকা প্রতিরক্ষা লাইনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
পুতিন বলেন, ডনবাস অঞ্চলের একটি প্রধান পরিবহন ও শিল্পকেন্দ্র হিসেবে কোস্তিয়ানতিনিভকার গুরুত্ব অনেক। ফলে শহরটি দখল করা সামরিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সূত্র: রয়টার্স







