নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতির বিষয়ে দুই দেশের সরকারের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করতে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভারত সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য বা বক্তব্য না আসা পর্যন্ত এসব খবরকে গুরুত্ব না দেওয়ার জন্য তিনি অনুরোধ করছেন। একই সঙ্গে এ ধরনের সংবাদ প্রকাশ না করার আহ্বানও জানান তিনি।
এর আগে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে দাবি করে, ঢাকার পক্ষ থেকে প্রস্তাব পাঠানোর এক মাসের বেশি সময় পার হলেও আসাদ আলম সিয়ামকে নয়া দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগের বিষয়ে ভারত এখনো সম্মতি দেয়নি।
প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন দেশে নতুন হাইকমিশনার ও রাষ্ট্রদূত নিয়োগের প্রক্রিয়া গত জুলাইয়ে শুরু করে বাংলাদেশ। এর অংশ হিসেবে নয়া দিল্লিতে হাইকমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামকে পাঠানোর বিষয়ে এক মাসেরও বেশি আগে ভারতের কাছে অনুমোদন চাওয়া হয়।
কূটনৈতিক রীতি অনুযায়ী, কোনো দেশে রাষ্ট্রদূত বা হাইকমিশনার নিয়োগের আগে সংশ্লিষ্ট দেশের ‘অ্যাগ্রেমা’ বা আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন হয়। সেই সম্মতি না পাওয়া পর্যন্ত নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া যায় না।
বর্তমানে ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এম রিয়াজ হামিদুল্লাহ। আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে তার নতুন দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। ফলে নতুন হাইকমিশনার নিয়োগের বিষয়টি ভারতের সম্মতির ওপর নির্ভর করছে।







