ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে লাখো মানুষের উপস্থিতিতে শোকের নগরীতে পরিণত হয়েছে রাজধানী তেহরান। সোমবার ভোর থেকেই নির্ধারিত শোভাযাত্রার বিভিন্ন সড়কে মানুষের ঢল নামে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির তথ্য অনুযায়ী, শোকযাত্রায় অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা ও খামেনির প্রতিকৃতি বহন করেন। বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় সংহতির বার্তা তুলে ধরেন।
রাজধানীর আজাদি সড়ক ও আশপাশের এলাকায় নারী-পুরুষ, তরুণ-যুবক থেকে শুরু করে প্রবীণসহ নানা শ্রেণি-পেশার মানুষ শোক মিছিলে অংশ নেন। পুরো পরিবেশ ছিল শোক, প্রার্থনা ও স্মৃতিচারণায় আবেগঘন। মরদেহবাহী শোভাযাত্রায় সাধারণ মানুষের পাশাপাশি সরকারের বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও অংশগ্রহণ করেন।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, তেহরানের আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার পবিত্র নগরী কোমে জানাজা ও শোকসভা অনুষ্ঠিত হবে। এরপর বুধবার ইরাকের নাজাফ ও কারবালায় বিশেষ বিদায় অনুষ্ঠান এবং জানাজার আয়োজন করা হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার মাশহাদে জানাজা শেষে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।







