ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও পাচারের অভিযোগে একটি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে। অভিযানে তাদের কাছ থেকে ৬ হাজার ৬০০টি মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টধারী সিম, ৬৭টি সিম, ৭০টির বেশি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, গাজীপুরের টঙ্গীর একটি রিসোর্ট ও কুমিল্লা সদরের একটি হোটেলে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
ডিবির তথ্য অনুযায়ী, বিদেশি নিয়ন্ত্রিত বিভিন্ন পেমেন্ট কোম্পানির মাধ্যমে অনলাইন জুয়ার অর্থ এমএফএস অ্যাকাউন্টে সংগ্রহ করে পরে ক্রিপ্টোকারেন্সি (ইউএসডিটি) ব্যবহার করে বিদেশে পাচার করা হতো। তদন্তে জানা গেছে, দেশে প্রায় ২০০টি অনলাইন জুয়ার পেমেন্ট কোম্পানি সক্রিয় এবং এমএফএসের মাধ্যমে প্রতিদিন এক হাজার কোটি টাকারও বেশি লেনদেন হচ্ছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের দৈনিক লেনদেনই পাঁচ কোটি টাকার বেশি।
ডিবি জানায়, গ্রেপ্তার হওয়া আরিফুল ইসলাম রিফাত বাংলাদেশে চক্রটির প্রধান সমন্বয়কারী হিসেবে এক চীনা নাগরিকের হয়ে কাজ করতেন। লেনদেনের ওপর কমিশন পেয়ে বিলাসবহুল জীবনযাপন করতেন তারা। সম্প্রতি দুর্ঘটনায় পড়া একটি বিএমডব্লিউ গাড়ির মালিকও রিফাত বলে জানিয়েছে পুলিশ। তার সম্পদের উৎসও তদন্ত করা হচ্ছে।
ডিবি জানিয়েছে, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত পুরো নেটওয়ার্ক শনাক্ত ও অর্থপাচারের উৎস উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।







