ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেছেন, জুলাই আন্দোলনের সময় বিএনপির নেতারা গর্তে, ডোবায় ও খালে ছিলেন। এমনকি শুরুর দিকে আন্দোলন থেকে তারা পুরোপুরি হাত ধুয়ে ফেলেছিল বলেও মন্তব্য করেন তিনি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
সংকটকালীন সময়ে নিজের ভূমিকার কথা তুলে ধরে রুমিন ফারহানা বলেন, সংসদে কথা বলতে হলে হুইপের কাছ থেকে নির্ধারিত সময় নিতে হয়। জুলাই আন্দোলনের সময়ে বর্তমানে সংসদে থাকা নেতাদের কয়জনের ভূমিকা জনগণের মনে আছে—এমন প্রশ্ন তুলে তিনি দাবি করেন, আন্দোলন চলাকালে তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছিল এবং তিনি সেই পরিস্থিতি থেকে ফেসবুক লাইভ করেছিলেন।
বিএনপির তৎকালীন অবস্থান নিয়ে সমালোচনা করে তিনি আরও বলেন, মানুষ সহজেই অতীত ভুলে যায়। আন্দোলনের শুরুতে দলটির নেতারা হাত গুটিয়ে রাখলেও একটি পর্যায়ে তারা কেবল নৈতিক সমর্থন দিয়েছিল। তবে এখন আন্দোলনের সাফল্য নিয়ে নিজেদের মধ্যে ক্রেডিট নেওয়ার কাড়াকাড়ি চলছে বলে দাবি করেন তিনি।
দলটিতে ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বতন্ত্র এই সংসদ সদস্য জানান, এই বিষয়ে কেবল দলের ত্যাগী নেতারাই মতামত দিতে পারবেন; তিনি কেবল নিজের অভিজ্ঞতার কথা বলতে পারেন।







