জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পার্বত্য অঞ্চল থেকেও শক্তিশালী জনমত গড়ে উঠতে হবে। তার মতে, পার্বত্য চট্টগ্রামের মানুষের ন্যায্য প্রতিনিধিত্ব ও দীর্ঘদিনের বঞ্চনার অবসানে রাজনৈতিক উদ্যোগ জরুরি।
রোববার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ‘পাহাড়ে জুলাই: সমমর্যাদা, সহাবস্থান ও সম্প্রীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার ক্ষমতায় এলেও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে পাহাড়ের কোনো প্রতিনিধি নেই। তিনি দাবি করেন, পার্বত্য জনগণের প্রতিনিধিত্ব কমে যাওয়া এবং জবাবদিহিতার অভাব উদ্বেগের বিষয়। এ কারণে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পাহাড় থেকেও সোচ্চার হওয়া প্রয়োজন।
তিনি বলেন, এনসিপি সবার সমান নাগরিক অধিকার ও দেশের সার্বভৌমত্বে বিশ্বাসী। পার্বত্য অঞ্চলে দীর্ঘদিনের বঞ্চনা, চাঁদাবাজি, সহিংসতা ও নিরাপত্তা সংকটের রাজনৈতিক সমাধান প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। তার মতে, পাহাড়ের সমস্যা একমাত্র সামরিক বা প্রশাসনিক ব্যবস্থায় সমাধান সম্ভব নয়; আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমাধানের পথ খুঁজে বের করতে হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠী যেমন বৈষম্যের শিকার, তেমনি সেখানকার বাঙালিরাও নানা ধরনের বঞ্চনার মুখোমুখি হন। এই বিভাজনের সুযোগ বিদেশি শক্তি গ্রহণ করতে পারে বলেও তিনি সতর্ক করেন। তিনি বলেন, জাতীয় স্বার্থ, অর্থনৈতিক উন্নয়ন ও সুষম বণ্টনের মাধ্যমে পাহাড় ও সমতলের মানুষের মধ্যে আস্থা ও সম্প্রীতি গড়ে তোলা সম্ভব।
সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে দেশের রাজনীতিতে বিভিন্ন ধরনের বিভাজন তৈরি হয়েছে। এসব বিভাজন দূর করে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, আগামী নির্বাচনে দলটি দেশের সব এলাকায় প্রার্থী দেবে এবং পার্বত্য অঞ্চলে বিশেষ গুরুত্ব দেবে। তার আশা, এই নির্বাচনের মাধ্যমে পাহাড়ে নতুন প্রজন্মের নেতৃত্বের বিকাশ ঘটবে।
অনুষ্ঠানে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন এবং পার্বত্য জনগোষ্ঠীর প্রতিনিধিরা বক্তব্য দেন।







